দুদকের দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ফের পিছিয়ে আগামী ১৯ মে পুনর্নির্ধারণ করেছে আদালত।
বৃহস্পতিবার ৩৪২ ধারায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। তবে তিনি আদালতে হাজির হননি। তার পক্ষে অসুস্থতা ও মামলা স্থগিতে হাইকোর্টে করা আবেদনের শুনানি হয়নি উল্লেখ করে দিন পেছাতে সময়ের দুইটি আবেদন জানান তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করে ১৯ মে পুনর্নির্ধারণ করেন আদালত। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল।
এ নিয়ে চতুর্থ দফায় পেছালো আত্মপক্ষ সমর্থন। এর আগে গত ৭, ১৭ ও ২৫ এপ্রিল আরও তিন দফা সময়ের আবেদন জানিয়ে দিন পিছিয়ে নেন খালেদা জিয়া।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুইটির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।