‘বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতেই অভিশংসন আইন’

 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, 'বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতেই সরকার বিচারপতিদের অভিশংসন  আইন পাশ করছে।' বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
 
তিনি বলেন, 'বিচারপতিদের অভিশংসন আইন পাশ করা হলে জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। এ আইনের মাধ্যমে সরকার বিরোধীদল ও সাধারণ মানুষের কণ্ঠ রোধ করবে সরকার। সরকারের এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে এরকম জনবিরোধী আইন পাশ না করার আহবান জানাচ্ছি।' 
 
তিনি আরো বলেন, 'বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে নিতে সম্প্রতি নতুন আইন পাশ করেছে মন্ত্রীসভা। এর ফলে বিচারপতিদের অভিশংসন ও অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের পরিবর্তে এখন জাতীয় সংসদের ওপর ন্যস্ত হবে।'
 
রিজভী বলেন, 'বিচারপতিদের পুরোপুরি নিয়ন্ত্রণ ও তাদের ওপর নগ্ন আগ্রাসন করতেই এমন আইন করা হচ্ছে বলে মনে করে বিএনপি। এটি স্বাধীন বিচারকার্য পরিচালনায় বাধার সৃষ্টি করবে এবং মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে।'
 
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন উর রশিদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, নির্বাহী কমিটির সদস্য জামাল শরীফ হিরু প্রমুখ।