ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে আবারো জয় পেয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। বুধবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভিক্টোরিয়া ওয়ান্ডারারর্সকে ৯ রানে হারিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
এদিন আগে ব্যাটিং করে ভিক্টোরিয়ার শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার চাতুরাঙ্গা ডি সিলভার স্পিন ঘূর্ণিতে ২২১ রান সংগ্রহ করে আবাহনী। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন তামিম ইকবাল। এছাড়া অভিষেক মিত্র ৪৪, আবুল হাসান রাজু ৪৩ ও মোসাদ্দেক হোসেন সৈকত করেন ৩৪ রান।
ভিক্টোরিয়ার বোলারদের মধ্যে চাতুরাঙ্গা ডি সিলভা ৬টি উইকেট নিয়েছেন। তিনি ১০ ওভারে ৩৫ রান খরচায় উইকেটগুলো নেন। এছাড়া কামরুল ইসলাম রাব্বি নিয়েছেন তিনটি উইকেট।
২২২ রানের জবাবে ব্যাট করতে নেমে ২১২ রানেই থেমে যায় ভিক্টোরিয়া। দলের পক্ষে আল আমিন জুনিয়র সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন। এছাড়া সোরওয়ার্দী শুভ ৪৫ ও ধীমান ঘোষ ৩১ রান করেন।
আবাহনীর বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, জুবায়ের হোসেন ও সাকলাইন সজিব প্রত্যেকেই দুটি করে উইকেট নিয়েছেন।