খুলনায় ছোট ভাইয়ের মারপিটে বড় ভাই কামরুল ইসলাম কল্লোল (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় পুলিশ নিহতের ছোট ভাই ফিরোজকে আটক করেছে। নিহত কল্লোল খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২৭ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব ছিলেন। তিনি গোবরচাকা নগরীর গোবরচাকা নবীনগর তালিমুল মিল্লাত (খালাসী) মাদ্রাসা রোড এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আপন ছোট ভাই ফিরোজ এবং তার স্ত্রী কল্লোলকে মারধর করে। ঘটনাটি কল্লোলের স্ত্রী জান্নাত স্বজনদের মোবাইল ফোনে জানালে তারা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত কল্লোলের মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, সকালে দু’ভাইয়ের মধ্যে মারামারি হয়েছিল বলে তিনি শুনেছেন। তবে ঘটনার পর বাইরে ঘোরাঘুরি করে কল্লোল বাসায় এসে মারা গেছে বলে জানতে পেরেছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে তিনি জানান। তকে বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি।