কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল-হামদ আল সাবাহ ৩ দিনের উচ্চ পর্যায়ের বাংলাদেশ সফর শেষে বৃহস্পতিবার দুপুরে নিজ দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
কুয়েত প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি বিশেষ ভিভিআইপি বিমান বৃহস্পতিবার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিমানবন্দরে কুয়েতের প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে কুয়েতের প্রধানমন্ত্রী ৩ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন।
সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুইদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণসহ দ্বিপক্ষীয় ও পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আনুষ্ঠানিক আলোচনার পর বাংলাদেশে কুয়েতের বিনিয়োগ ও সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট-ধারীদের ভিসা প্রক্রিয়া সহজ করা সম্পর্কিত কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এছাড়া কুয়েতের প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ এবং জাতীয় সংসদ ভবনে সংসদ কার্যক্রম প্রত্যক্ষ করেন। বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বৃহস্পতিবার সকালে কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে এক হোটেলে সাক্ষাৎ করেন।
শেখ জাবের গতকাল হোটেল সোনারগাঁওয়ে শেখ হাসিনার দেয়া এক ভোজ সভায় যোগ দেন। কুয়েতের প্রধানমন্ত্রী ঢাকায় অবস্থানকালে দেশে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রধানমন্ত্রীর উচ্চ পর্যায়ের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন ফার্স্ট ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ আল খালেদ আল হামদ আল সাবাহ, ডেপুটি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও তেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী আনাস খালেদ আল সাবাহ, শিক্ষামন্ত্রী ড. বদর হামদ আল ইশা এবং ফরেন এ্যাফেয়ার্স এ্যাম্বাসেডরের ডেপুটি প্রধানমন্ত্রী খালেদ সুলিমান আল জারাল্লাহ, কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির উচ্চ পর্যায়ের ব্যবসা ও বাণিজ্য প্রতিনিধিরা ছিলেন। তারা বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।