তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশটির ক্ষমতাসীন দল একে পার্টির নেতাদের সঙ্গে আলোচনার পরে এই ঘোষণা দিলেন।
বুধবার দাভুতোগলু প্রেসিডেন্ট রেসেপ তায়িপ এরদোগানের সঙ্গে দেখা করার পরে তার পদত্যাগের বিষয়ে অনুমান করেছিল অনেকে। তুরস্ককে রাষ্ট্রপতিশাসিত সরকারে পরিণত করার এরদোগানের পরিকল্পনার বিরোধী ছিলেন তিনি। চলতি মাসের ২২ তারিখ ক্ষমতাসীন দলের কংগ্রেস অনুষ্ঠিত হবে। সেখানে নিজের বক্তব্য তুলে ধরবেন বলে জানিয়েছেন দাভুতোগলু।
এর আগে বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্টের উপদেষ্টা সেমিল এরতেম বলেন, দাভুতোগলুর পদত্যাগের পরে নতুন প্রধানমন্ত্রীর জন্য কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। তিনি বলেন, প্রেসিডেন্ট এরদোগানের ঘনিষ্ঠ কোনো প্রধানমন্ত্রী ক্ষমতায় বসলে তুরস্কের অর্থনীতি আরো স্থিতিশীল হবে।
দাভুতোগলুর স্থলাভিষিক্ত হওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন দেশটির পরিবহন মন্ত্রী বিনালি ইলদ্রিম। তিনি এরদোগানের ঘনিষ্ঠ বলে পরিচিত। এছাড়া এরদোগানের জামাতা ও জ্বালানি মন্ত্রী বেরাত আল বারাইকের নামও উঠে এসেছে। ২২ তারিখ অনুষ্ঠিতব্য পার্টি কংগ্রেসে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হবেন। বিবিসি।