বাজারে এখন সারাবছরই গাজর পাওয়া যায়। সাধারণত সালাদ হিসেবেই এর ব্যবহার জনপ্রিয়। তবে গাজর দিয়ে আরও নানা মজাদার খাবার তৈরি করা যায়। তেমন ৪টি রেসিপি দিয়েছেন আঞ্জুমান আরা রোজী
গাজরের পরোটা
উপকরণ :ময়দা ২ কাপ, গাজর কুঁচি ১/৪ কাপ, তেল ১/৪ কাপ, লবণ স্বাদমতো, পানি ১/২ কাপ।
প্রণালি :একটি পাত্রে ময়দা ও গাজর মিশিয়ে এতে তেল, লবণ ও পানি দিয়ে ময়ান করুন। এবার ডো থেকে ছোট ছোট বলের মতো করে হাতের তালুতে গোল করে নিন। এবার বেলনে বেলে নিন পরোটা। তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।
গাজর ছানার যুগল লাড্ডু
উপকরণ :গাজর কুঁচি ২৫০ গ্রাম, ছানা ১ কাপ, ঘি ১/২ কাপ, গুঁড়া দুধ ১/২ কাপ, কনডেন্সড মিল্ক ১/২ কাপ, গরম মশলা গুঁড়া ১/৪ চা চামচ।
প্রণালি :প্রথমে গাজর কুঁচি ব্লেন্ড করে নিতে হবে। প্যানে ঘি গরম করে গাজরের মিশ্রণটি দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এবার এতে চিনি ও ছানা মেশাতে হবে। চিনি গলে পানি বের হলে এতে গুঁড়া দুধ ও কনডেন্সড মিল্ক দিতে হবে। ঘন ঘন নাড়তে হবে। মিশ্রণটি আঠালো হয়ে এলে গরম মসলা গুঁড়া মিশিয়ে চুলা বন্ধ করতে হবে। এবার একটি ছড়ানো ডিশে মিশ্রণটি ঢেলে সামান্য ঠাণ্ডা করতে হবে। দুই হাতে ঘি মেখে মিশ্রণটি অল্প অল্প করে হাতের তালুতে নিয়ে গোল গোল করে লাড্ডু বানাতে হবে। ডিশে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করতে হবে।
ক্যারোট শারদিন
উপকরণ :গাজর কুঁচি ২ কাপ, চিনি ১/৪ কাপ, দুধ ২ কাপ, কাস্টারড পাউডার ৪ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ।
প্রণালি :গাজর দুধ দিয়ে ব্লেন্ড করে নিন। প্যানে ঘি গরম করে গাজরের মিশ্রণটি দিয়ে নাড়ুন। বলক এলে চিনি দিন। চিনি গলে গেলে এতে কাস্টারড পাউডার মিশিয়ে ভালোভাবে নাড়ুন। চুলা বন্ধ করে ডিশে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।
ক্যারোট স্টাফড এগ রোলার
উপকরণ :ডিম ৪টি, গাজর কুঁচি ১ কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, অলিভ অয়েল ১/৪ কাপ।
প্রণালি :ডিম ফেটিয়ে এতে গোলমরিচ গুঁড়া ও লবণ যোগ করুন। প্যানে তেল গরম করুন। এবার এতে কিছুটা ফেটানো ডিম ছড়িয়ে এক পাশে লম্বা করে কিছুটা গাজর কুঁচি ছড়িয়ে ১/৩ অংশ রোল করুন। এবার অন্য পাশ বরাবর আরেকটু ডিম দিয়ে এতে আবার লম্বা বরাবর গাজর কুঁচি দিন। এভাবে ডিম শেষ হওয়া পর্যন্ত রোল করুন। প্যান থেকে উঠিয়ে ছুরি দিয়ে কাটুন। পছন্দমতো ডিশে সাজিয়ে সস দিয়ে পরিবেশন করুন।