পাকিস্তানে কোচ হবেন না বলে জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ল। পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের পদে আবেদন করলেও পরে তা প্রত্যাখান করেন তিনি। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন কিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।
তিনি বলেন, প্রধান কোচের জন্য আবেদন করলেও পরে জানান, তিনি কোচের পদে আসতে চান না। তিনি দলের পরামর্শক হিসেবে নিয়োগ পেতে চান। আমাদের পরবর্তী বোর্ড মিটিংটি খুব শিগগিরই লাহোরে অনুষ্ঠিত হবে। সেখানেই স্টুয়ার্ট ল’র ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।
শাহরিয়ার আরও জানিয়ে রাখেন, স্টুয়ার্ট যদি প্রধান কোচের পদে কাজ করতে সত্যিই আসতে না চান, তবে আমাদের হাতে বিকল্প উপায় রয়েছে। আমরা স্টুয়ার্টের সঙ্গে চুক্তি করতে ব্যর্থ হলে বিকল্প হিসেবে ইংলিশ সাবেক ক্রিকেটার এবং নিউজিল্যান্ডের সাবেক কোচ অ্যান্ডি মোলসের সঙ্গে কথা বলব। তিনি হংকং, কেনিয়া, স্কটল্যান্ড, নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট ক্লাবের প্রধান কোচ আর ২০১১ সালের জুনে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছিলেন স্টুয়ার্ট ল।
অজিদের সাবেক এই মিডলঅর্ডার ব্যাটসম্যান ১০ মাস পরেই পদত্যাগ করেন। তার অধীনে ২০১২ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছিল টাইগাররা। এরপর তিনি অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সেলেন্সের হাই-পারফরম্যান্স কোচ হিসেবে যোগ দেন।