মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন-ভাতা প্রায় দ্বিগুণ করে পৃথক দুটি বিল পাস করেছে জতীয় সংসদ।
বিলে পূর্ণ মন্ত্রী ও সমমর্যাদার উপদেষ্টাদের বেতন ৫৩ হাজার ১০০ থেকে বাড়িয়ে ১ লাখ ৫ হাজার টাকা, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার উপদেষ্টাদের বেতন ৪৭ হাজার ৮০০ থেকে বাড়িয়ে ৯২ হাজার টাকা, উপমন্ত্রীর বেতন ৪৫ হাজার ১৫০ থেকে বাড়িয়ে ৮৬ হাজার ৫০০ টাকা এবং সংসদ সদস্যদের বেতন ২৭ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৫৫ হাজার টাকা করা হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের দশম অধিবেশনের সমাপনী দিনে বৃহস্পতিবার এ-সংক্রান্ত দুটি বিল পাস হয়। বিল দুটি হলো- মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৬ এবং দ্য মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৬।
আনিসুল হক সংসদ সদস্যদের বেতন ও ভাতা বাড়ানোর বিলটি পাসের প্রস্তাব করেন। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন ও ভাতা বাড়ানোর বিল পাসের প্রস্তাব করেন সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বিল দুটির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট ও জাতীয় বেতন স্কেল ঘোষণা করার কারণে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী এবং সংসদ সদস্যদের জন্য সময়োপযোগী বেতন-ভাতা নির্ধারণ করা আবশ্যক। এজন্য সংশ্লিষ্ট আইনগুলো সংশোধন করে সবার বেতন ও অন্যান্য সুবিধার সামঞ্জস্য রক্ষা করে পুনঃনির্ধারণের লক্ষ্যে সংশ্লিষ্ট বিল উপস্থাপন করা হলো।
আইনের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে, নতুন এই বেতন কার্যকর হয় গত বছরের ১ জুলাই থেকে। তবে ভাতা কার্যকর হবে চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করা হবে। এর আগে ২০০৯ সালে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও এমপিদের বেতন বাড়ানো হয়েছিল।