কুষ্টিয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ১ম বর্ষের পরিসংখ্যান বিভাগের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুদ্ধ ছাত্ররা কলেজের অধ্যক্ষকে ঘেরাও ও তার বাসভবনে ভাংচুর করেছে। এছাড়া ছাত্ররা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে। বৃহষ্পতিবার রাতে এ ঘটনা ঘটে। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
নির্যাতিতা ছাত্রীর জবানীতে অভিযোগ, “বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৫ টারদিকে অধ্যক্ষ বদরুদ্দোজা বিশেষ প্রয়োজন আছে বলে আমাকে বাসভবনে ডেকে আনেন। এসময় স্যারের বাসায় পরিবারের অন্য কোন সদস্য উপস্থিত না থাকার সুযোগে তিনি আমাকে নীচ থেকে দোতলায় ডেকে নিয়ে আমাকে কুপ্রস্তাব দেন। তিনি আমার গায়ে হাত দেয়ার চেষ্টা করেন। এসময় আমি দরজার সিটকানি খুলে দৌড়ে বাসার বাইরে চলে আসি এবং বিষয়টি আমার সহপাঠীদের জানিয়ে দেই। ”
এবিষয়ে অধ্যক্ষ বদরুদ্দোজা বলেন, একটি মোবাইল ফোন হারানো ঘটনায় মেয়েটিকে বাসায় ডেকে পাঠিয়েছিলাম, তবে ধর্ষণ বা শ্লীলতাহানির অভিযোগ সম্পূর্ণরূপে অসত্য।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাহাবুদ্দিন চৌধুরী বলেন, আইন সবার জন্যই সমান। ঘটনার সত্যতা যাচাইয়ে অভিযোগ প্রমানিত হলে এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।