সালথায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করার ফলে উপজেলার বিভিন্ন নদ-নদীর দু’পাড়ের পাকা সড়ক হুমকিতে পড়েছে। যে কোনো সময় এসব সড়কে বড় ধরনের ক্ষতি হতে পারে।
স্থানীয়দের অভিযোগ, নদ-নদী থেকে এভাবে যদি বালু উত্তোলন করা হয় তাহলে এক সময় নদ-নদীর পাড় ও পাকা সড়ক ভেঙে নদীর মধ্যে পড়বে। এখনই অনেক স্থানে সড়কে ফাটল ধরেছে। এছাড়া উত্তোলন করা নিম্নমানের এসব বালু ব্যবহার করা হচ্ছে বিভিন্ন সরকারি কাজে। কাজে বেশি লাভবান হওয়ার জন্য এসব অবৈধ পথ বেছে নিয়েছেন বিভিন্ন সরকারি কাজের ঠিকাদাররা।
বর্তমানে উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া কুমার নদের মধ্যে ৪টি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর মধ্যে গট্টি ইউনিয়নের দিয়াপাড়া গ্রামের সামনে কুমার নদের মধ্যে ৩টি ও বড়দিয়া গ্রামের সামনে একটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন ব্যবসায়ীরা।
একাধিক বালু ব্যবসায়ী জানান, সরকারি রাস্তার কাজের জন্য নদী থেকে বালু উত্তোলন করতে দেয়া হচ্ছে। তবে নদী থেকে বালু উত্তোলনে কোনো অনুমতি নেয়া হয়নি। স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় বালু ব্যবসায়ীরা এভাবে বালু উত্তোলন করছেন।
এছাড়া উপজেলার বিভিন্ন নদ-নদী ও সরকারি খাল-বাঁওড়ে একইভাবে বালু উত্তোলন করে বিভিন্ন সরকারি কাজের ঠিকাদারদের কাছে বিক্রি করা হচ্ছে। আর ঠিকাদাররা এসব নিম্নমানের বালু দিয়ে সড়ক নির্মাণসহ বিভিন্ন কাজে ব্যবহার করছেন।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেব।