রণবীর বহুগামী!

ঠোঁটকাটা বলে বলিউডে ঋষি কাপুরের বদনাম আছে বিটাউনে। চার পাশে ঘটে চলা নানা ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার নানা সময়ের মন্তব্য-ই তার কারণ!
 
তবে এবার সবাইকে চমকে দিলেন ঋষি। সম্প্রতি যাকে নিয়ে মুখ খুললেন, তিনি আর কেউই নন, খোদ রণবীর কাপুর! কাটা কাটাভাবে, মুখের উপরে সবার সামনেই রণবীরের সমালোচনা করলেন তিনি! তাও ছেলের চরিত্র নিয়ে। একটু ঘুরিয়ে হলেও রণবীরকে বহুগামী বললেন তিনি!
 
বলেছেন ভাল কথা। তার ছেলে, তিনি যা খুশি বলতেই পারে। প্রশ্নটা অন্য জায়গায়। হঠাৎ কেন এরকম একটা কথা বলার দরকার পড়ল তার? কী বা কে বাধ্য করল তাকে?
 
আসলে ঋষি কাপুরকে সম্প্রতি ছেঁকে ধরা হয়েছিল মুম্বাইয়ের বিখ্যাত এক পত্রিকার সাক্ষাৎকারে। সেখানে প্রশ্নটা ছিল ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের বিচ্ছেদ নিয়ে। জানতে চাওয়া হয়েছিল, ব্যাপারটাকে ঠিক কীভাবে দেখছেন ঋষি?
 
এবং, যে কোনও কারণেই হোক, মনের কথা মুখ ফুটে বলে ফেললেন ঋষি। অকপটে বললেন, 'রণবীর সব সময়েই ওর নায়িকাদের সঙ্গে কিছু না কিছু একটা সম্পর্কে জড়িয়ে পড়ে। এটা ও আগেও করেছে। এর আগেও ওর দুজন নায়িকার সঙ্গে সম্পর্ক ছিল। ও নিজেও ব্যাপারটা নিয়ে খুব একটা বেশি ভাবে না। যা করার, করে যায়! আমরাও আর ভাবি না। শুধু একজন ভাল পুত্রবধূ চাই!'
 
ঋষির বক্তব্যটা কিন্তু লক্ষ্য করার মতো! তিনি বলছেন যে এর আগেও দু'জনের সঙ্গে রণবীরের সম্পর্ক ছিল। এই দু'জন কি ক্যাটরিনা কাইফকে বাদ দিয়ে? তাই যদি হয়, তবে অন্য জন দীপিকা পাড়ুকোন ছাড়া আর কে? নাকি ক্যাটরিনাকে এখন রণবীরের অতীত বলেই ব্যাখ্যা করছেন ঋষি?