মুলাদীতে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে বহিরাগতদের হামলায় ৩ শিক্ষার্থী আহত

বরিশালের মুলাদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিনের অনুষ্ঠানে বাহিরাগতদের হামলায় কমপক্ষে ৩ শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার বেলা ১টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে বহিরাগত বখাটেরা এ হামলা চালায়।

আহত শিক্ষার্থীরা ও বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ১৭মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের অনুষ্ঠান শেষ করতে না পারায় সোমবার সকাল ১০টার দিকে পুনরায় অনুষ্ঠান শুরু করা হয়। বেলা ১টার দিকে বহিরাগত বখাটে কুতুবপুর বাজার এলাকার সরোয়ার চৌকিদারের পুত্র রাজিব চৌকিদার, সজিব চৌকিদার, আলমগীর চৌকিদারের পুত্র পাপ্পু ও অপু চৌকিদার তাদের মোবাইলে অনুষ্ঠানের ছবি তোলার পাশাপাশি বিদ্যালয়ের মেয়েদের ছবি তুলছিল।

এ সময় বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সানজিদা, মীম এবং তাদের চাচাতো ভাই একই বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী তুহিন ওই বখাটেদের স্কুলছাত্রীদের ছবি তুলতে নিষেধ করে। তখন বখাটেরা তাদের ওপর হামলা চালায়।

হামলায় সানজিদা, মীম ও তুহিন মারাত্মক আহত হয়। পরে স্থানীয় ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার সানজিদা ও মীমকে মুলাদী হাসপাতালে ভর্তি করে। 

শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে বহিরাগতদের উপস্থিতি এবং হামলা চালিয়ে শিক্ষার্থীদের আহত করার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম অনুষ্ঠানে হামলার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।’

আরও পড়ুনঃ মদনে চালককে অজ্ঞান করে অটো ছিনতাই

এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। 

ইত্তেফাক/নূহু