বেড়িবাঁধ ভেঙে দেড় শতাধিক পরিবার পানিবন্দী

সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলায় প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে একটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে একটি শিক্ষা প্রতিষ্ঠান, দেড় শতাধিক পরিবার পানিবন্দী রয়েছে। পানিতে তলিয়ে গেছে শতাধিক মৎস্য ঘের ও ফসলি জমি।
 
শুক্রবার ভোর রাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের ৭/২ পোল্ডার সংলগ্ন এলাকায় কপোতাক্ষের প্রায় এক শ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়।
 
ইউপি সদস্য গোলাম রসুলসহ স্থানীয়রা জানান, আগে থেকেই বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হঠাৎ করেই ভোর রাতে বাঁধটি নদী গর্ভে ধসে পড়ে। এতে চাকলা দাখিল মাদরাসাসহ দেড় শতাধিক পরিবার, শতাধিক মৎস্য ঘের ও ফসলি জমি তলিয়ে গেছে।
 
তিনি আরো জানান, এখন নদীতে ভাটা চলছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে এলাকার প্রায় দুই শতাধিক মানুষ বাঁশ ও মাটি দিয়ে বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করেছেন।
 
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের গাফিলাতির কারণেই প্রতাপনগর ইউনিয়নবাসীর এই দুর্দশা। বারবার বলা শর্তেও পানি উন্নয়ন বোর্ড ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি। যা বাজেট আসে তা তারা লুটপাট করে খেয়ে ফেলে।
 
তিনি আরো জানান, স্থানীয় দুই শতাধিক জনগণকে সঙ্গে নিয়ে বাঁধ সংস্কারের কাজ শুরু করেছি। চলতি ভাটাতেই বাঁধ সংস্কার করতে না পারলে পরবর্তী জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হবে।