আশাশুনিতে ট্রলিচাপায় পথচারী নিহত

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ট্রলির ধাক্কায় পথচারী নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার রাতে উপজেলাধীন আশাশুনি-সাতক্ষীরা সড়কের চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসহাক আলি (৪৪) ওই গ্রামের জাহেদ আলির ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে নয়টার দিকে ইসহাক আলী পায়ে হেঁটে তার মৎস্য ঘেরে যাচ্ছিলেন। ওই সড়কের চাপড়া এলাকায় পৌঁছালে সিমেন্ট ভর্তি একটি ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
পুলিশ জানায়, ঘটনার পর ট্রলি ফেলে চালক পালিয়ে গেছে।
 
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।