তরুণ উদ্যোক্তা হয়ে ওঠার লড়াই ‘স্টুডেন্ট টু স্টার্টআপ: চ্যাপ্টার ওয়ান' এখন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) ও ইস্টওয়েস্ট ইউনিভার্সিটিতে। মঙ্গলবার এই দুই বিশ্ববিদ্যালয়ে 'পিচ' করবে বিভিন্ন আইডিয়া নিয়ে রেজিস্ট্রেশন করা তরুণ উদ্যোক্তারা।
দেশ গঠনে তরুণদের উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপকে স্বাগত জানাতে আইসিটি বিভাগের ‘ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ একাডেমি’ (আইডিয়া) প্রজেক্ট এবং দেশের সর্ববৃহৎ তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলার উদ্যোগে দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আয়োজন করা হচ্ছে 'স্টুডেন্ট টু স্টার্টআপ: চ্যাপ্টার ওয়ান'। ২০২১ সাল নাগাদ দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় এ আয়োজনের পরিচালনা করা হবে যেখান থেকে উঠে আসবে জাতীয় পর্যায়ের সব স্টার্টআপ।
আইডিয়া প্রকল্প পরিচালক সৈয়দ মজিবুল হক বলেন, প্রাথমিকভাবে বিজয়ী প্রতিটি স্টার্টআপকে মাত্র ১০ লাখ টাকা করে প্রদান করা হলেও আমরা আশা প্রকাশ করছি এই স্টার্টআপগুলো নিজেদের প্রডাক্ট ভ্যালু বৃদ্ধি করার মাধ্যমে পরবর্তীতে ১ কোটি টাকা সিড মানি গ্রহণ করতে পারবে। আমরা চাই এই স্টার্টআপগুলো প্রাতিষ্ঠানিক কাঠামো পাবে। আর সে জন্য যত ধরণের সহায়তা প্রয়োজন তা করবে আইডিয়া প্রকল্প।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অঙ্গ সংগঠন ইয়াং বাংলা ২০১৮ সালের ১৫ মার্চ আইসিটি বিভাগের আইডিয়া প্রজেক্টের সঙ্গে সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। এ সমঝোতা স্মারকের আলোকে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ প্রথম অধ্যায়ের কার্যক্রম শুরু হয়েছে। ২০০৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেন। এই ঘোষণার অন্যতম স্তম্ভ- একাডেমিক শিক্ষাকে সরকারী এবং বেসরকারি বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত করার মাধ্যমে জাতীয়ভাবে উদ্ভাবন ইকোসিস্টেম তৈরি এবং উদ্যোক্তা বান্ধব সংস্কৃতি তৈরি করা।
সেই আহ্বানের আলোকে আইসিটি বিভাগে আইডিয়া প্রজেক্টের যাত্রা শুরু। ইয়াং বাংলাকে সঙ্গে নিয়ে আইডিয়া প্রজেক্টে দেশের আট বিভাগের ৪০ বিশ্ববিদ্যালয়ে চালাবে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ: চেপ্টার ওয়ান’-এর কার্যক্রম। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষার্থী ছাড়াও অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইন রেজিস্ট্রেশন করে প্রতিযোগিতায় আবেদন করতে পারবেন। সেখানে ইয়াং বাংলার ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের সহায়তায় পরিচালিত হবে প্রতিযোগিতা। এখান থেকে গড়ে তিনটি দলকে বাছাই করা হবে। এভাবে ৪০ বিশ্ববিদ্যালয় থেকে বাছাইকৃত ১২০ দল নিয়ে প্রথমবারের মত ‘জাতীয় স্টার্টআপ ক্যাম্প’ সাভারে অনুষ্ঠিত হবে। সেখান থেকে দর্শক ভোট এবং বিচারকদের ভোটে বাছাই করা হবে মূল প্রতিযোগিতার ৩০ স্টার্টআপ। আইডিয়া প্রকল্পের বাছাই কমিটি এবং অন্যান্য বিচারকদের সাহায্যে ১০ স্টার্টআপ জাতীয় পর্যায়ে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। এই দলগুলো নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ ও পরামর্শসহ যাবতীয় সহায়তা পাবে আইডিয়া প্রজেক্ট থেকে। এর পাশাপাশি বাকি ২০টি দলকে গ্রুমিং এর নির্বাচন করা হবে। সেই সঙ্গে ৩০টি দলের জন্য ইয়াং বাংলার প্লাটফর্ম তো থাকছেই।
রেজিস্ট্রেশনের জন্য ও এ বিষয়ে তথ্য পেতে ভিজিট করুন:
www.startupbangladesh.gov.bd/student-to-startup/
ইত্তেফাক/অনি