নদীতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরের বারইখালী পুরাতন থানার কাছে পানগুছি নদীতে ডুবে জাহাঙ্গীর হাওলাদার (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত. আছের উদ্দিন হাওলাদারের ছেলে।
 
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি বাড়ি সংলগ্ন ওই নদীতে গোসল করতে নামে। এলাকাবাসীর ধারণা, হঠাৎ অসুস্থ হয়ে তিনি নদী গর্ভে তলিয়ে যায়।
 
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও কোস্ট গার্ডের ডুবুরি দল মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
 
ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, প্রবল জোয়ারে ওই ব্যক্তির মৃতদেহ দূরে ভেসে গেছে। তবে তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে। খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার কাজে অংশ নিয়েছে।