'সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় যুগান্তকারী'

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,  'বিচারপতিদের অপসারণ-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছে, তা যুগান্তকারী।' শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন।
 
রিজভী বলেন, 'হাইকোর্ট যে রায় দিয়েছেন, এটি যুগান্তকারী, মনুমেন্টাল (অত্যন্ত গুরুত্বপূর্ণ)। এই রায়ের মাধ্যমে বিচার বিভাগের ভাবমর্যাদা বৃদ্ধি পেল। উচ্চ আদালত সম্পর্কে জনগণের আস্থা আরো দৃঢ়তর হলো।’
 
তিনি আরো বওেলন, ‘আমরা মনে করি, এই রায়ের মধ্য দিয়ে আবারো ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনা মানুষের মধ্যে সুগভীরভাবে নিশ্চিত হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ঐতিহাসিক রায়কে সাধুবাদ জানাচ্ছে।’
 
বৃহস্পতিবার দুপুরে ষোড়শ সংশোধনী বাতিল করেন হাইকোর্ট। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের রায়ে এ-সংক্রান্ত আদেশ দেয়া হয়।