সাতক্ষীরার আশাশুনি উপজেলায় চাঁদা না দেয়ায় পঙ্কজ সরকার (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
শুক্রবার ভোর রাতে উপজেলার শোভনালী ইউনিয়নের শালখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত পঙ্কজ সরকার স্থানীয় শালখালী শ্যামসুন্দর ইসকন মন্দিরের সেবাইত বলে জানা গেছে।
আহত পঙ্কজ সরকারের ভাই সমীরণ সরকার জানান, তার ভাই রাতে মন্দিরের পাশের একটি ঘেরের বাসায় (টোঙে) ঘুমিয়ে ছিল। রাতে দেবহাটার জিয়াউর রহমান ওরফে আফগান জিয়ার নেতৃত্বে দুর্বৃত্তরা তার ভাইয়ের মাথায় উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
তার অভিযোগ, আফগান জিয়া কয়েক মাস ধরে তার ভাইয়ের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এই টাকা না দেয়ায় তাকে কুপানো হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান বলেন, ‘এ বিষয়ে খবর নেয়া হচ্ছে।’