বগুড়া সদরের ঘোড়াধাপ এলাকায় যাত্রীবেশী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিঠু মিয়া (২৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে খুনের এই ঘটনা ঘটে। নিহত মিঠু মিয়া জেলার গাবতলী থানার কৃঞ্চচন্দ্রপুর গ্রামের সায়েদ জামানের ছেলে।
পুলিশ সূত্র জানায়, দুই জন যাত্রীবেশী দুর্বৃত্ত রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের কামারগাড়ি এলাকায় বাণিজ্য মেলার সামনে থেকে ঘোড়াধাপ বাজারে যাওয়ার জন্য মিঠু মিয়ার ব্যাটারি চালিত রিকশা ভাড়া করে। রাত ১১টার দিকে বগুড়া-নামুজা সড়কে ঘেড়াড়াধাপ বাজারের কাছে পৌঁছলে যাত্রীবেশী দুই দুর্বৃত্ত চলন্ত রিকশায় চালক মিঠুমিয়াকে পিছন থেকে ছুরিকাঘাত করে। এতে মিঠু মিয়া রাস্তায় পড়ে গেলে তার রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে তারা। মিঠু মিয়ার চিৎকারে ওই পথে যাতায়াতকারী লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা মাঠের মধ্য দিয়ে পালিয়ে যায়। পরে মিঠু সেখানেই মৃত্যুবরণ করেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে স্থানীয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এবং রিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাজাহান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্যে রিকশাচালককে ছুরিকাঘাত করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।