কালীগঞ্জে ২টি বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

ঝিনাইদহের কালীগঞ্জের আড়পাড়া প্রামানিক পাড়ায় দুটি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা দুটি বাড়ি থেকে প্রায় লক্ষাধিক টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার লুট করেছে। ডাকাতের ছুরিকাঘাতে একজন গৃহকর্তা আহত হয়েছেন। শুক্রবার ভোরে  পুলিশ সদস্য আনোয়ার হোসেন ও মো. মালেক মহুরির বাড়িতে এ ডাকাতি হয়।
 
পুলিশ সদস্য আনোয়ার হোসেনের শ্যালক মাহমুদুল ইসলাম মনির জানান, শুক্রবার রাত ২টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত প্রথমে মালেক মহুরির আড়পাড়া বাড়িতে দরজা ভেঙ্গে প্রবেশ করে। পরে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭ ভরি স্বর্ণালংকার, ৪০ হাজার টাকা, কাপড় চোপড় লুট করে। এ সময় ডাকাতরা বাড়ির মালিক মালেক মহুরিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। অন্যদিকে ডাকাতদল পুলিশ সদস্য আনোয়ার হোসেনের বাড়িতে দরজা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ৯ ভরি স্বর্ণালংকার, ১৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
 
 কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার ইমরান আলম ডাকাতির বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ডাকাতের হাতে আহত মালেক মহুরিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। ডাকাতদের আটকের চেষ্টা করা হচ্ছে।