নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার যুবলীগের নেতা ছামছুজ্জোহা সুমনকে (৩২) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দামোদরপুর ইউনিয়নে বুড়িরভিটা এলাকায় দিকে নারী ভোটারদের মাঝে ব্লাউজের কাপড় বিতরণের সময় তাকে আটক করা হয়।
এ ঘটনায় শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ সুমনের পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন।
সুমন ওই ইউনিয়নের জামুডাঙ্গা (সরকারপাড়া) গ্রামের জাহেদুল ইসলামের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাহারুল ইসলামের ভাতিজা।
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এস আই) রনি কুমার দাস জানান, আ’লীগ মনোনীত প্রার্থী এ জেড এম সাজেদুল ইসলাম স্বাধীনের (নৌকা) পক্ষে সুমন ৪/৫ কর্মীসহ ব্লাউজের কাপড় নারী ভোটারদের বিতরণ করতেছিল। খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদের নেতৃত্বে পুলিশসহ অভিযান চালিয়ে তাকে নাতেনাতে আটক করে। বাকি কর্মীরা পালিয়ে যায়।
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালতে সুমনের পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।