গোমাংস খাওয়া, বিক্রি বা সংরক্ষণ করার উপর ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকারের নিষেধাজ্ঞা খারিজ করে দিয়েছে বোম্বে হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি সুরেশ গুপ্তের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়।
মাংসের ওপর নিষেধাজ্ঞা বাতিল করে দেয়া হলেও রাজ্যটিতে গোহত্যা অবশ্য আগের মতোই নিষিদ্ধ থাকছে। হাইকোর্ট তার রায়ে বলে, অন্য রাজ্য থেকে গোমাংস আনা, বহন করা, বিক্রি করা বা খাওয়ার উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না।
গোহত্যা মহারাষ্ট্রে অনেক আগে থেকেই নিষিদ্ধ। বিজেপি রাজ্য সরকার গঠন করার পর থেকেই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস গোমাংস রাখা, বিক্রি করা এবং খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করতে তত্পর হন। ২০১৫ সালের মার্চে মহারাষ্ট্র এনিমেল প্রিজার্ভেশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট নামে একটি আইন বলবত হয়।
ওই আইনের মাধ্যমে গোমাংস রাখা, বহন করা, বিক্রি করা এবং খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়ে যায় রাজ্যটিতে। মুম্বাই হাইকোর্ট শুক্রবার আইনের ওই অংশটিকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে বাতিল করে দিয়েছে।