কক্সবাজার বিমানবন্দর থেকে ২৩ হাজার ৪ শত ইয়াবা সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব পরিচয় দেয়া এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় তাকে আটক করা হয়।
যার কাছ থেকে উদ্ধার করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব এর ভিজিটিং কার্ডও। যে কার্ডটিতে তার নাম মো. খোরশেদ আলম। এছাড়াও বিভিন্ন পরিচয়ে বেশ কয়েকটি ভিজিটিং কার্ডও রয়েছে।
তবে পুলিশ বলছে আটক ব্যক্তির নাম শহিদুর রহমান (৪০), তিনি ঢাকার ধানমন্ডির ৭ নং এলাকায় বসবাসকারি মুজিবুর রহমানের পুত্র। তার ভিজিটিং কার্ড ভুয়া।
কক্সবাজার সদর থানার এসআই আবদুর রহিম জানান, বিমান বন্দরের নিরাপত্তা কর্মীদের তল্লাশিতে শুক্রবার বিকাল ৫টায় আটক হয় এ ব্যক্তি। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যান। ওই সময় এ ব্যক্তি নিজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব পরিচয় দিয়ে কার্ডটি দেখান এবং নানা হুমকিও দেন। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া যায় প্রকৃত পরিচয়।
তিনি জানান, বিমানবন্দর কর্মীদের দাবি, বিভিন্ন সময় তিনি উপ-সচিব পরিচয় দিয়ে ঢাকা-কক্সবাজার বিমানে আসা যাওয়া করে আসছে। তাকে তল্লাশি করতে চাইলেই হুমকি দিতো। এবার তল্লাশি করে পাওয়া যায় ২৩ হাজার ৪ শত ইয়াবা। এ ব্যাপারে মামলা দায়ের করা হচ্ছে।