চুয়াডাঙ্গায় ভোট কর্মকর্তা ও এসআই প্রত্যাহার

 
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার সাতটি ইউনিয়নে শনিবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়েছে। পৃথক অভিযোগে একজন সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিশের একজন এসআইকে প্রত্যাহারসহ বহিরাগত একজনকে আটক করা হয়েছে। জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান  বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
 
হারদী ইউনিয়নের শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে অনধিকার প্রবেশের অভিযোগে মনিরুল ইসলাম নামে এক বহিরাগতকে পুলিশ আটক করে। মনিরুলকে সহযোগিতার অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা এবিএম মমিনুর রহমানকে প্রত্যাহার করা হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ ঐ কেন্দ্রে উপস্থিত হয়ে অভিযোগের ভিত্তিতে এই শাস্তি দেন।
 
এছাড়া, অচিন্ত্য কুমার নামে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। অচিন্ত্যর বিরুদ্ধে অভিযোগ, কুমারী ইউনিয়নের জন্য ১৪ জনের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স গঠন করা হলেও তিনি শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদস্য ছাড়াই চারজন আনসার সদস্যকে নিয়ে নির্বাচনী এলাকায় যান।  রাতেই তাকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। একই সময়ে চুয়াডাঙ্গা সদর থানার এসআই ওয়াহেদুজ্জামানকে ঐ স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব দেয়া হয়।
 
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বারাদী, গাংনী, খাদিমপুর, চিত্লা, ভাংবাড়িয়া, কুমারী ও হারদী ইউনিয়নের ৭১টি কেন্দ্রের ৩৯৯টি বুথে সকাল আটটা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে।