লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের উত্তর বামনী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য প্রার্থী জহিরুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী ইমরান হোসেন মুকুল পাটওয়ারীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন মুকুল পাটওয়ারীসহ পাঁচজন আহত হয়েছে। শনিবার সকালে এই ঘটনা ঘটে।
গুরুতর আহত ইমরান হোসেন মুকুল পাটওয়ারীকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদি সদর উপজেলার শাকচর ইউনিয়নের বেশিরভাগ কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান প্রাথী রাব্বী এলাহী জহিরের কোন এজেন্ট নেই। রাব্বী এলাহীর অভিযোগ করে সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তাফাজ্জল হোসেন টিটু চৌধুরীর লোকজন বিএনপি প্রার্থীর এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়ে প্রকাশ্যে নৌকা মার্কায় সিল মারছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ প্রার্থী তাফাজ্জল হোসেন টিটু চৌধুরী। অপরদিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের দক্ষিন কালিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রকাশ্যে জাল ভোট দেয়ার অভিযোগে এক ইউপি সদস্য প্রার্থী আবু তাহেরকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, লক্ষ্মীপুর সদর উপজেলার তিনটি ও রায়পুর উপজেলার পাঁচটি ইউপিতে নির্বাচন চলছে।