অত্যাধুনিক নাইন এমএম পিস্তল গুলিসহ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনিকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছাত্রলীগ যুবলীগের আরো ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান রনিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রনিকে হাটহাজারী মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড সরকারি প্রাথমিক স্কুল ভোটকেন্দ্রের সামনে থেকে আজ দুপুরে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) একেএম হাফিজ আক্তার বলেন, রনিসহ নয়জনকে গ্রেফতারের পর হাটহাজারী থানায় নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের নগর সাধারণ সম্পাদক রনির নেতৃত্বে নগর ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী হাটহাজারী উপজেলায় ইউপি নির্বাচনে প্রভাব বিস্তার করতে শুক্রবার রাত থেকেই অবস্থান নেয় বিভিন্ন কেন্দ্রে। সকালে ভোট শুরু হওয়ার পরই বিভিন্ন ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে ছাত্রলীগ নেতা-কর্মীরা কেন্দ্র দখল ও হামলা-মারধর শুরু করে প্রতিপক্ষের কর্মী সমর্থকদের ওপর।
হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, বেলা সাড়ে ১২টার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৭নং ভোটকেন্দ্র ছইল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে রনিসহ নয়জনকে আটক করা হয়। রনির কাছে অস্ত্র পাওয়া গেছে।