‘বিএনপি জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয়’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি প্রমাণ করেছে যে তারা কখনোই জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয়। কারণ তারা ষোড়শ সংশোধনীর বাতিলের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের জন্ম হয়েছে স্বৈরাচারের গর্ভ থেকে।
 
শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী ঘোষণা করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
হানিফ বলেন, বিএনপি তাদের অবস্থানের মাধ্যমে আবারও প্রমাণ করেছে, তারা কখনোই জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয়। তারা বরাবরই জনগণের বিরুদ্ধে।  
 
ইউপি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, ইউনিয়ন পর্যায়ে প্রার্থী বাছাই করা একটা দুরূহ কাজ। তৃণমূল পর্যায় থেকে হাজার হাজার নেতা-কর্মীর তালিকা থেকে প্রার্থী বাছাই কঠিন কাজ। এই কঠিন কাজটি করেছি তৃণমূল নেতা-কর্মীদের সহযোগিতায়। তারপরও কোনো অভিযোগ এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।