পৌরকর বৃদ্ধি, অতিরিক্ত বিদ্যুৎ বিল ও শিক্ষা ব্যয় বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে যুবজাগরণ।
শনিবার সকালে চট্টগ্রাম নগরীর সিমেন্স হোস্টেল থেকে সল্টগোলা ক্রসিং পর্যন্ত যুবজাগরণ বন্দর থানার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘টিনের ও বেড়ার ঘরে পৌরকর কেন?’, ‘সিটি কর্পোরেশন সেবামূলক না বাণিজ্যিক প্রতিষ্ঠান’, ‘পাবলিক বাস কেন ইপিজেডে রিজার্ভ ভাড়া দেয়?’ সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এস এম আবু তাহেরের সভাপতিত্ব ও যুবজাগরণের উদ্যোক্তা যুবলীগ নেতা মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য আবদুল আজিম, এস এম ফারুক, আওয়ামী লীগ নেতা সামশুল আলম, এম দিদারুল আলম, সালাউদ্দিন বাদশা, সরওয়ার জাহান চৌধুরী ও এস এম বরকতউল্লাহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা পৌরকর দিতে চাই। তবে তা হবে সামর্থ্য অনুযায়ী। গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েছে, শিক্ষা ব্যয় বেড়েছে। বিদ্যুতের ওভাররিডিং হচ্ছে। এ অবস্থায় এই নগরীতে আমাদের বসবাস করা অসাধ্য হয়ে উঠেছে।
তারা আরো বলেন, সিটি মেয়রকে অবশ্যই নগরবাসীর স্বার্থে নিবেদিত হতে হবে। পৌর করের ব্যাপারে করদাতা এবং বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেয়া প্রয়োজন। গরীব ও অস্বচ্ছল নগরবাসীর স্বার্থে সাধ্যমত স্বনির্ধারণী প্যাকেজ পৌরকরের ব্যবস্থা করতে হবে। এর ফলে সকলে স্বেচ্ছায় পৌরকর দেবে এবং সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় দ্বিগুণ হবে।