রায়পুরায় নির্বাচনী সংঘর্ষে নিহত ১, আহত ২৫

নরসিংদীর রায়পুরায় শনিবার দুপুরে সংঘর্ষের সময় টেটাবিদ্ধ হয়ে পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর এলাকার হোসেন মিয়া (৫০) নামে একজন নিহত ও উত্তরবাখরনগর ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীসহ অন্তত ২৫ আহত হয়েছে।
 
জানা গেছে, সকাল ৮টা থেকে উপজেলার ২৩টি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ১০টার দিকে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে কয়েকটি কেন্দ্রে গোলযোগ শুরু হয়। উপজেলার মির্জাপুর, অলিপুরা ও শ্রীনগরের কয়েকটি কেন্দ্রে বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। অলিপুরার নবিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র দখল করতে চাইলে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ৫জন আহত হয়। শ্রীনগর ইউনিয়নের রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে টেটাবিদ্ধ হয়ে পাঁচজন আহত হয়। এদিকে সরকারদলীয় প্রার্থী তাজুল ইসলামের বিরুদ্ধে নীলক্ষা ইউনিয়নের হরিপুর কেন্দ্র দখলের অভিযোগ ওঠে। জাল ভোট ও কেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের ১৫ জন আহত হয়।