সাইবার হামালা মোকাবেলায় আগাম প্রতিরোধ ব্যবস্থার তাগিদ

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ মানব সম্পদ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে হামলার শিকার হবার আগেই সম্ভাব্য প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলারও পরমর্শ তাদের। 
 
শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়োমে সিটিও ফোরাম বাংলাদেশ ও বিআইবিএমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সাইবার হুমকি প্রতিরোধ: ভঙ্গের জন্য অপেক্ষা না করে ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি শীর্ষক সেমিনারে এ পরামর্শ দেয়া হয়।
 
সিটিও ফোরাম প্রতিষ্ঠাতা সভাপতি তপন কান্তি সরকারের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর সাহা। বিআইবিএম মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর সাহা।
 
অনুষ্ঠানে শুভংকর সাহা বলেন, প্রতিটি ব্যাংকের নিরাপত্তার জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। এ  ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। সাইবার আক্রমণের জন্য অপেক্ষা না করে তার আগেই ব্যবস্থা নিতে হবে।
 
পরে কয়েকটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী সাইবার হুমকি মোকাবিলা এবং এর করণীয় নিয়ে আলোচনা করা হয়েছে। 
 
সবশেষে একটি প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংক ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের অধ্যাপক এস এ চৌধুরী, সাউথ ইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাইনুদ্দীন চৌধুরী, পূবালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ আলী, বিআইবিএম এর সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম, নিরাপত্তা বিশেষজ্ঞ স্টিভেন দেশা, স্টিভেন লেডজিয়ান এবং শুভেন্দু সাহা।