নাটোর সদর উপজেলার গাজিরবিল এবং বড়াইগ্রাম উপজেলার দিয়ার গারফা এলাকায় পৃথক দুর্ঘটনায় নছিমন (স্থানীয় তৈরি যান) উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১টার দিকে ছয়জন ধানকাটা শ্রমিক একটি নছিমনে করে নাটোর-ঢাকা মহাসড়ক হয়ে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাজিরবিল এলাকায় নছিমনটি উল্টে যায়। এ সময় নছিমনের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই আকুল হোসেন (৪০) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়। আকুল হোসেন রাজশাহীর চারঘাট উপজেলার ক্ষুদ্রগোবিন্দপুর গ্রামের আনছার আলীর ছেলে। দুর্ঘটনায় তার সহযাত্রী আরও পাঁচ শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।
পরে তাদের সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতরা হচ্ছেন, একই গ্রামের মনিরুল ইসলাম (২৫) আব্দুর রাজ্জাক (৫০) মহিদুল ইসলাম (৪১) আমিনুদ্দিন (৪০) ও বেলাল হোসেন (২৫)।
বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে বেলা দুইটার দিকে নছিমন দুর্ঘটনায় বড়াইগ্রাম উপজেলার দিয়ারগারফা গ্রামের বাবলু বিশ্বাস (৪৫) নামে আরো এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বাড়ি থেকে রাজাপুর বাজারে যাওয়ার পথে নছিমন উল্টে তিনি এই দুর্ঘটনায় মারা যান।