হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে লাগবে না ফোন

বর্তমানে ১০০ কোটিরও বেশি ব্যবহারকারী ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ। অদূর ভবিষ্যতে এই অ্যাপটি ব্যবহার করতে আর স্মার্টফোনের দরকার নাও পড়তে পারে! কারণ, ফেসবুক অধিকৃত এই প্রতিষ্ঠান এবার উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপ্লিকেশন তৈরির কাজে হাত দিয়েছে।
 
এখন ডেস্কটপ বা ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা গেলেও সেই পদ্ধতি খুব একটা সহজ বা সুলভ নয়। ডেস্কটপ থেকে 'হোয়াটসঅ্যাপ ওয়েব' ব্যবহার করতে হলে স্মার্টফোনে ডেটা অন রাখতে হবে, সঙ্গে কম্পিউটারেও ইন্টারনেট সংযোগ থাকতে হবে। একটা ব্রাউজার সবসময় খুলে রাখতে হবে।
 
কিন্তু এবার শুধু ডেস্কটপের জন্যই একটি সম্পূর্ণ আলাদা অ্যাপ্লিকেশন আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। ওই অ্যাপ ব্যবহার করে ফাইল শেয়ারিং, ভয়েস কলিং করা যাবে। তার জন্য স্মার্টফোনে ইন্টারনেট সংযোগের দরকার পড়বে না। আলাদা একটি ব্রাউজার সবসময় খুলে রাখার দরকার পড়বে না।
 
তথ্য-প্রযুক্তি সংক্রান্ত একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এই তথ্য জানা গেছে। হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সনের 'বেটা' ভার্সনের কয়েকটি ছবিও পোস্ট করা হয়েছে অনলাইনে। 
এখানেই শেষ নয়, অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ দ্রুতই নিয়ে আসছে ভয়েস মেল, জিপ ফাইল ট্রান্সফার ফিচার। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।