জনপ্রিয়তার লড়াইয়ে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরারকে পেছনে ফেলে শীর্ষস্থান স্পর্শ করেছে গুগলের ক্রোম। এই তথ্য জানিয়েছে ওয়েব ট্র্যাকিং ওয়েবসাইট নেট মার্কেট শেয়ার ও স্ট্যাট কাউন্টার।
বিশ্বের বিভিন্ন ইন্টারনেট ট্রাফিক বিবেচনার ভিত্তিতে গবেষণা করে এমনটাই জানিয়েছে নেট মার্কেট শেয়ার।
নেট মার্কেট শেয়ারের তথ্য অনুযায়ী, গত মাসে ডেস্কটপ ব্রাউজারের ৪১ দশমিক ৬ শতাংশ দখলে ছিল ক্রোমের। এ হার মার্চের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেশি। মার্চে ইন্টারনেট এক্সপ্লোরার ওয়েব ব্রাউজারের ৪৩ দশমিক ৪ শতাংশ দখলে রাখতে পারলেও এপ্রিলে তা নেমেছে ৪১ দশমিক ৩ শতাংশে।
নেট মার্কেট শেয়ারের গবেষণা ফলাফল অনুযায়ী, জনপ্রিয়তার লড়াইয়ে তৃতীয় স্থানে রয়েছে ফায়ারফক্স। ডেস্কটপে এ ওয়েব ব্রাউজারের দখল ছিল ৯ দশমিক ৭৬ শতাংশ। এর পর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে থাকা সাফারি, অপেরা ও কনকুয়েররের বাজার দখল ছিল যথাক্রমে ৪ দশমিক ৯১, ১ দশমিক ৮৯ ও দশমিক ০১ শতাংশ। সূত্র- এবিসি নিউজ।