আফগান সিকিউরিটি ফোর্সের পোশাক পরে হামলা চালিয়ে দুই ন্যাটো সৈন্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে আরো এক ন্যাটো সৈন্য। তবে হামলার দায় এখনও স্বীকার করেনি কোন জঙ্গি গোষ্ঠি।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মারা যাওয়া দুই সৈন্য রোমানিয়ান ছিল। তারা রোমানিয়ার বিশেষ বাহিনীর অংশ। কন্দাহারে আফগান পুলিশদের প্রশিক্ষণের সময় ন্যাটো সৈন্যদের ওপর হামলা চালানো হয়।
এ বছর আফগান নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ চলাকালে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটল। এই হামলায় দুর্বৃত্তরা মারা গেলেও বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ন্যাটো। এই ঘটনায় এক আফগান পুলিশকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় তারা।
'আফগানিস্তান থেকে পর্যাক্রমে মার্কিন সৈন্য অপসারণ করা হবে' ওবামার এমন বক্তব্যের পর থেকেই এই ধরণের হামলা বেড়ে গেছে ন্যাটো বাহিনীর ওপর।
রোমানিয়ার প্রায় ৬০০ সৈন্য বর্তমানে ন্যাটোর হয়ে আফগানিস্তানে রয়েছে। ২০১৭ সালের মধ্যে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য সংখ্যা ৯৮০০ থেকে কমিয়ে ৫৮০০ করার কথা রয়েছে। কিন্তু সার্বিক পরিস্থিতি বিচার করে মার্কিন সৈন্যদের আরো কিছুদিন বেশি রাখার আবেদন করতে পারে ন্যাটো প্রধান। বিবিসি।