প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট পরীক্ষামূলকভাবে নতুন এক টাচস্ক্রিন উন্মোচন করেছে। টাচ বা স্পর্শ ছাড়াই কাজ করবে এই টাচস্ক্রিন!
নিজেদের নিজস্ব ল্যাবে এই টাচস্ক্রিন তৈরি করেছেন মাইক্রোসফটের একদল গবেষক। এর ডিসপ্লের সামনে এবং পাশে ব্যবহার করা হয়েছে একটি সেন্সর বিন্যাস যা স্মার্টফোনের আশপাশে হাত বা আঙ্গুল শনাক্ত করতে সক্ষম।
প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে দেখানো হয় কীভাবে নতুন এই ফিচার কাজ করবে। উদাহরণ হিসেবে দেখানো হয়, কোনো ভিডিও চলার সময় ফোনটি ধরলে বা ডিসপ্লে স্পর্শ করতে গেলে ভেসে উঠবে ভিডিও থামানো, দ্রুত বা ধীরে চালানো কিংবা বন্ধ করার অপশনগুলো। আবার ফোন থেকে আঙ্গুল দূরে সরিয়ে নিলেই মিলিয়ে যাবে তা। সেন্সরগুলো কাজ করবে মাল্টিটাচ-এর ক্ষেত্রেও। এক আঙ্গুল দিয়ে কোনো ফাইল স্পর্শ করলে, অন্য কোনো আঙ্গুল যা ডিসপ্লের কাছাকাছি রয়েছে তার নিচে ভেসে উঠবে দ্বিতীয় মেনু, যেখান থেকে ফাইলটি খোলা, শেয়ার বা মুছে দেওয়া যাবে।
শিগগিরই এই প্রযুক্তি বাজারে আসছে না। তার জন্য অপেক্ষায় থাকতে হবে আগামী বছর পর্যন্ত। ২০১৭-তে আসতে পারে মাইক্রোসফটের সারফেস ফোন। ওই ডিভাইসে ব্যবহার করা হতে পারে নতুন প্রযুক্তি।