সৈয়দপুরে ৯ ক্রিকেট জুয়াড়ির কারাদণ্ড

 
নীলফামারীর সৈয়দপুরে রবিবার সকাল ১০টায় ভ্রাম্যমাণ আদালতে নয়জন ক্রিকেট জুয়াড়ির মধ্যে একজনকে ১ মাসের ও ৮ জনকে ৭ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ রায় দেন।
 
বাণিজ্যিক শহর নীলফামারীর সৈয়দপুরে দীর্ঘদিন ধরে ক্রিকেট জুয়া চলে আসায় সাধারণ মানুষ সর্বশান্ত হচ্ছে। চলমান আইপিএল ক্রিকেট খেলা নিয়ে প্রকাশ্যে বাজি ধরে জুয়া খেলার সময় শনিবার দিবাগত রাতে শহরের দারুল উলুম মাদ্রাসা মোড় থেকে নয়জন জুয়াড়িকে আটক করে পুলিশ। 
 
রবিবার আদালতে হাজির করা হলে শহরের ইসলামবাগের আনোয়ারের ছেলে আশফাককে (৪৫) এক মাসের ও কুজিপুকুর গ্রামের হামিদের ছেলে হাফিজুল ইসলাম (২৩), হাতিখানার ইউসুফের ছেলে মনা (২৬), একই এলাকার তোফাজ্জলের ছেলে আরমান (২৭), পুরাতন বাবুপাড়ার কাশেমের ছেলে নবাব (৩০), অফিসার্স কলোনীর আব্দুল্লাহর ছেলে শাহজাদা (২২), দারুল উলুম এলাকার মকবুলের ছেলে নূর আমিন (৩৫), বাঙালিপুর নিজপাড়ার মাসুদের ছেলে লুৎফর রহমান (৪৭) ও দারুল উলুম মোড়ের গফুরের ছেলে আবেদ আলীকে (৩০) সাত দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। 
 
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে। ক্রিকেট জুয়ার বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।