ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর সহিংসতায় আসমা (৫৭) নামের এক বৃদ্ধা নিহত ও আহত হয়েছেন ৮ জন। শনিবার দিবাগত রাত ১০ টায় ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝারি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মজিবর রহমান (৪২), আনারুল ইসলাম (৪৫), আজাদ (৩২), আব্দুর রহমান (৩০)। বাকি আহতদের নাম এখনো জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আমজানখোর ইউনিয়নের মেম্বার প্রার্থী গুল মোহাম্মদ ও সলেমান আলীর সমর্থদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে গুল মোহাম্মদের সমর্থকরা সেখান থেকে চলে যায়। রাতে মসলিম উদ্দিন বিজয়ী হলে তার প্রার্থীরা সলেমান আলীর প্রার্থীদের ওপর আবার হামলা করে। হামলায় আসমা (৫৭) নামের এক বৃদ্ধার মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান। আহত হন আরো ৮ জন। আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনাটি ঘটে। সহকারী পুলিশ সুপার আসফিকুর জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।