মোবাইল সেবায় বাংলাদেশের সফলতা ঈর্ষণীয়। দেশের প্রায় ১৩ কোটি মোবাইল ব্যবহারকারীর মধ্যে ৫ কোটির বেশি মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন। বিশ্বে মোবাইল ব্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। মোবাইল গেইমিংয়েও এ দেশ সাফল্যজনক অবস্থানে রয়েছে।
শনিবার দেশের প্রথম জাতীয় মোবাইল কনফারেন্স ‘মোবিকন’-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেসিস সভাপতি ও এফবিসিসিআই পরিচালক শামীম আহসান।
তিনি বলেন, গেইমিং খাতের মতো ট্রিলিয়ন ডলারের বাজারে বাংলাদেশের অসীম সম্ভাবনা রয়েছে। প্লেস্টোরে বাংলাদেশি গেইম কয়েক মিলিয়ন ডাউনলোডের রেকর্ড রয়েছে, যা বিশ্বে বেশ সাড়া ফেলেছে।
দেশের তরুণদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে কার্যকরী উদ্ভাবনী প্রকল্প তৈরি করে গেইমিং খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বানও জানান বেসিস সভাপতি।
রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ(আইইউবি) -এ আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইইউবি’র উপাচার্য প্রফেসর এম ওমর রহমান, ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গুগলের কান্ট্রি মার্কেটিং কনসালট্যান্ট হাসমী রাফসানজানী, গ্রামীণফোনের হেড অব ইন্টারনেট অব থিংকস রাভিন্দার পারশের, রবির হেড অব ডিজিটাল সার্ভিসেস মানজার রাহমান, গুগল ডেভেলপার গ্রুপের কমিউনিটির উপদেষ্টা ও প্রেনিউর ল্যাবের প্রধান নির্বাহী আরিফ নিজামীসহ অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, দেশে মোবাইল প্রযুক্তির উদ্ভাবনে কাজ করতে এই সম্মেলন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মধ্য দিয়ে দেশের মোবাইলের জন্য বেশ কিছু নতুন নতুন প্রযুক্তিরও উদ্ভাবন হবে।
মোবাইলের পুরো ইকোসিস্টেমকে তুলে ধরার জন্য আইইউবি'তে দিনব্যাপী এই কনফারেন্স আয়োজন করে গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি)। সেখানে কনফারেন্সের পাশাপাশি মোবাইল ইনোভেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়। মোবাইল অ্যাপ বা সেবার প্রদর্শনীর পাশাপাশি ফ্রি ইউএক্স রিভিউ, ইনভেস্টর মিটিং, মোবাইল ইনোভেশন অ্যাওয়ার্ডসহ ছিলো নানা আয়োজন।