মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর ও জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে রবিবার পাবনার সাঁথিয়ায় মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল করেছেন।
বেলা ১১টার দিকে সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । মিছিল শেষে উপজেলা চত্বরে সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল লতিফের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সোহরাব আলী খানের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহুরুল হক মাস্টার, তোফাজ্জল হোসেন মাস্টার প্রমুখ।
তারা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি এবং জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদ জানান।