রাজস্থানের পাঠ্যবই থেকে মুছে ফেলা হল নেহেরুর নাম

ভারতের রাজস্থান রাজ্যের অষ্টম শ্রেণীর পাঠ্যবই থেকে মুছে ফেলা হয়েছে দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নাম। এমনকি বইটিতে দেশটির জাতির পিতার মহাত্মা গান্ধীর হত্যাকারী হিন্দু জাতীয়তাবাদী নাথুরাম গডসের নামও একবার বলা হয়নি।
 
রাজস্থানের মাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবহারের জন্য এই নতুন করে এই পরিমার্জন করেছে রাজ্যের ইন্সটিটিউট অফ এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং। এর আগের সংস্করণে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে নেহেরু ও সরদার প্যাটেলকে নিয়ে আলাদা একটা অধ্যায় ছিল। নতুন সংস্করণে নেহেরু সহ সরোজিনী নাইড়ু, মদন মোহন মালব্য সহ আরো বেশ কয়েকজনের নাম মুছে ফেলে হয়েছে। রাজেন্দ্র প্রসাদকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করলেও প্রথম প্রধানমন্ত্রীর বিষয়ে কোনো কিছু উল্লেখ করেনি। 
 
এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে রাজস্থানের কংগ্রেস প্রেসিডেন্ট শচীন পাইলট বলেন, বিজেপি গৈরিকীকরণটা সম্পূর্ণ নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছে। বিজেপি এমন দেউলিয়া অবস্থায় পৌছেছে যে দেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম ইতিহাসের বই থেকে মুছে ফেলার উদ্যোগ নিয়েছে। তবে তার মানে এই না যে তারা জাতির মনন গঠনে নেহেরুর অবদান মুছে ফেলতে পারবে। আমরা জাতির ইতিহাস পরিবর্তনের এই চেষ্টার বিরুদ্ধে লড়াই করবো।  
 
রাজ্যের বিদ্যালয় শিক্ষামন্ত্রী ভাসুদেব দেবনানী বলেছেন, সরকার কিংবা আমি এই বিষয়ে কিছু করিনি। সিলেবাস একটি স্বায়ত্তশাসিত কমিটি তৈরি করেছে এবং সরকার এই বিষয়ে নাক গলায়নি।  ইন্ডিয়ান এক্সপ্রেস।