লক্ষ্মীপুরে আইসিটি ক্যারিয়ার নিয়ে সেমিনার

লক্ষ্মীপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে ক্যারিয়ার নিয়ে দিনব্যাপী সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ' জেলা পরিষদ মিলনায়তনে ক্যারিয়ার টক অন আইসিটি: টুওয়ার্ডস ডিজিটাল বাংলাদেশ' নামে সেমিনারের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন 'অক্সিজেন'।
 
সেমিনার ও কর্মশালার পাশাপাশি আইসিটি অলিম্পিয়াডে অংশ নেয় জেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী। আইসিটি অলিম্পিয়াডে বিজয়ী ১০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
 
সেমিনারের শুরুতেই 'রোবোটিক্স ও হ্যাকাথন' বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টশন তুলে ধরেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাবের সভাপতি ও জাতীয় হ্যাকাথন প্রতিযোগিতা ২০১৬'র বিজয়ী দলের সদস্য সাদমান আল ফারাবি ও আমিনুল ইসলাম মাহাদী।
 
ই-কমার্স ব্যবসার ভবিষ্যত ও সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন ই-কমার্স সাইট স্টোরিয়া'র প্রধান নির্বাহী আশফাক রহমান ও প্রধান বিপণন কর্মকর্তা আব্দুল্লাহ আল তারিফ।
 
গ্রাফিক্স ডিজাইন নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপনা করেন বিশ্বখ্যাত সফটওয়‌্যার প্রতিষ্ঠান এনকেসফটের কর্মী রিওন আহমেদ। আর সাইবার নিরাপত্তা নিয়ে কথা বলেন একই প্রতিষ্ঠানের কাঠামোগত নিরাপত্তা বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্রপ্রবাসী অস্টিন মালডেন।
 
সবশেষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে পড়াশোনা নিয়ে নানা তথ্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রভাষত সাইফুর রহমান সাইফ। গ্রামীণফোন আইজিনিয়াস প্রতিযোগিতায় পরপর দুবারের আইজিনিয়াস সাদমান রহমান ধ্রুব তার বিজয়ী হবার গল্প বিনিময় করে শিক্ষার্থীদের সাথে। দিনব্যাপী সেমিনারে পৃষ্ঠপোষকতা করে স্টোরিয়া, বিডিসফট ইনকরপোরেশন, ইয়োলোস্টোন ও ইমপ্যাক্ট পিআর।