নতুন এডিপির আকার বাড়ছে ২০ শতাংশ

চলতি অর্থবছরের (২০১৫-১৬) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) চাইতে ২০ শতাংশ বরাদ্দ বাড়ানো হচ্ছে। আসছে নতুন অর্থবছরে (২০১৬-১৭) এক লাখ ৯ হাজার ২০০ কোটি টাকার এডিপি প্রাথমিক ভাবে চূড়ান্ত করা হয়েছে। নতুন এডিপিতে সরকারের নিজস্ব তহবিল থেকে ৬৯ হাজার ২০০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৪০ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকছে। 
 
রবিবার পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় এটি নির্ধারণ করা হয়েছে। আগামি বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় নতুন এডিপি অনুমোদন দেয়া হবে। পরিকল্পনা কমিশন সূত্রে এ সব তথ্য জানা গেছে।
 
উল্লেখ্য, চলতি অর্থবছরের শুরুতে ৯৭ হাজার কোটি টাকা এডিপি বাস্তবায়নের লক্ষ্য থাকলেও পরবর্তীতে তা সংশোধন করে ৯১ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। এডিপির আকার বাড়লেও বিভিন্ন মন্ত্রণালয়ের চাহিদার চেয়ে তুলনামূলক কম বলে জানিয়েছেন পরিকল্পণা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে শেষ পর্যন্ত এনইসি সভায় এডিপির আকার আরও বাড়তে পারে। সংশ্লিষ্টরা জানান বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের অনেক বেশি চাহিদা রয়েছে। 
 
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এডিপিতে পদ্মা সেতু, পদ্মা রেল সংযোগসহ বেশ কয়েকটি বড় বড় প্রকল্প রয়েছে। এ কারণে আগামী অর্থবছরে মূলত পরিবহণ খাতের প্রকল্পগুলোকে সর্বোচ্চ বরাদ্দ দেয়ার সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন।