সমবায় প্রতিষ্ঠানের দুধ মিল্ক ভিটার মতোই মোড়ক তৈরি করে ১২টি কোম্পানি বাজারে দুধ বিক্রি করছে বলে জানালেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
তিনি বলেন, কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রবিবার সচিবালয়ে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বাজার থেকে সংগ্রহ করা আধা সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটার প্যাকেটের মতোই দেখতে সাতটি কোম্পানির দুধের প্যাকেট সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন প্রতিমন্ত্রী।
এগুলো হলো আফতাব, ডেইরি ফ্রেশ, ঢাকা প্রাইম, মিল্ক ফ্রেশ, আল্ট্রা মিল্ক, রিয়াল মিল্ক ও পিউরা মিল্কের প্যাকেট দেখতে মিল্ক ভিটার মোড়কের মতোই। মোড়কের আকার, আয়তন ছাড়াও এতে রঙের ব্যবহারও এক।
প্রতিমন্ত্রী বলেন, ‘১৩টি কোম্পানির প্রোডাক্ট একই ধরনের মোড়কে। মিল্ক ভিটার মতো করে প্যাকেট তৈরি করে তারা বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করছে।’
এগুলো পরীক্ষার জন্য বিএসটিআই-এ পাঠানো হবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, মিল্ক ভিটার দুধে কোনো ‘প্রিজারভেটিভ’ থাকে না কোনো কেমিকেল বা ভেজাল দিয়েও মিল্ক ভিটা উৎপাদন হয় না। যে প্রক্রিয়ায় মিল্ক ভিটা দুধ প্রক্রিয়াজাত করে বাংলাদেশের দু/একটি কোম্পানি বাদে অন্য কারও কাছেই এ ধরনের প্রযুক্তি নেই দাবি করে রাঙ্গা বলেন, একই ধরনের প্যাকেট ব্যবহার করে দুধ বিক্রি করলেও তাদের কাছে দুধের ব্যাকটেরিয়া ধ্বংসের প্রযুক্তি নেই।