বিএনপিকে পরিত্যক্ত রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। তিনি বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু সারাক্ষণ ষড়যন্ত্র করে জঙ্গি ও যুদ্ধাপরাধীদের নিয়ে।
রবিবার দিনাজপুরের বিরলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, তারা যেমন আন্দোলনের কথা বলে মানুষ পুড়িয়ে হত্যা করে। ঠিক তেমনিভাবে নির্বাচনের কথা বলে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করে ইউপি নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি নির্বাচনকে কলুষিত করতে মানুষ হত্যা করে। আপনারা গান-সঙ্গীতের তালে তালে উত্সবমুখর প্রচারণা করে নির্বাচন করবেন। জনগণ বিএনপিকে বর্জন করেছে। দেশের মানুষ স্বাধীনতা ও সমৃদ্ধির প্রতীক নৌকায় ভোট দিয়ে দেশকে এগিয়ে নেবে।
তিনি বলেন, বিএনপির প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস কোনটিই নেই। তাই এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৪ জুনের নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীদের ভোটের মাধ্যমে বিজয় আনতে হবে।
অনুষ্ঠানে বিরল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মাইকেল। এছাড়াও দলীয় নেতা-কর্মীদের মধ্যে অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী আসন্ন ৬ষ্ঠ ধাপের ৪ জুনের নির্বাচনে বিরল উপজেলার ৬টি ইউনিয়নের ৬ জন চেয়ারম্যান পদের প্রার্থীকে দলীয় মনোনয়নপত্র প্রদান করেন।