আবারও রাবির শিক্ষককে হত্যার হুমকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার রেশ কাটতে না কাটতেই আবারও এক শিক্ষককে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় নগরীর মতিহার থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছে ওই শিক্ষক।
 
হুমকির শিকার মাহবুব আলম প্রদীপ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক। রবিবার বিকাল  ৩টার দিকে ওই শিক্ষকের ব্যক্তিগত মুঠোফোনে কল দিয়ে এ হুমকি দেয়া হয়েছে বলে জানান ওই শিক্ষক।
 
মাহবুব আলম প্রদীপ বলেন, ‘অজ্ঞাতনামা +৮১৭৭৪৭৯ নম্বরটি থেকে আমার মুঠোফোনে কল হ্যালো বললে- ফোনের ওপাস থেকে বলা হয়, ‘তোর জীবন শেষ, অনেক বেড়ে গেছিস, ওয়েট কর। এপর কে বলছেন জানতে চাইলে আবারও একই কথা বলে। এরপর আর কোন কথা না বলে ৪৫ সেকেন্ড পর ফোন কেটে দেয়।’
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, ‘আমি ওই শিক্ষককে থানায় জিডি করতে বলেছি। পুলিশকেও আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বলেছি।
 
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, ‘সন্ধ্যার দিকে থানায় এসে ওই শিক্ষক জিডি করে গেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’
 
এর আগে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় উপাচার্যসহ অন্তত ৪০ জন শিক্ষককে হুমকি দেয়া হয়েছে। এদের কাউকে অজ্ঞাত নম্বর থেকে আবার কাউকে চিঠি দিয়ে হুমকি দেয়া হয়েছে। অনেকের কাছ থেকে চাঁদা চেয়েও হুমকি দেয়া হয়েছে। সর্বশেষ গত ২ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ রাজশাহীর ১০ বিশিষ্টজনকে হত্যার হুমকি দিয়ে নাটোর প্রেসক্লাবে চিঠি পাঠায় ইসলামি লিবারেশন ফ্রন্ট (আইএলএফ) নামের একটি সংগঠন।