রেড ক্রিসেন্ট 'সর্বত্র, সবার জন্য' এই প্রতিপাদকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রবিবার রাজধানী ঢাকা সহ সারা দেশে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হয়েছে।
সকাল ৭ টায় মগবাজারস্থ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত, এমপি জাতীয় পতাকা এবং ট্রেজারর এ্যাডভোকেট তৌহিদুর রহমান রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন।
পরে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে সোসাইটির ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
বিকেলে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা ও রেড ক্রিসেন্ট এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এমপি। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোঃ হাবিবে মিল্লাত,এমপি।
স্বাগত বক্তব্যে রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বিএমএম মোজহারুল হক , এনডিসি। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, ইউনিট এ্যাফেয়ার্স বিভাগের পরিচালক নুর ইসলাম খান ওসি।
প্রধান অতিথি আসাদুজ্জামান খান কামাল সিআরপি'র কর্ণধার মিস ভ্যালেরিওকে এবছর রেড ক্রিসেন্ট এ্যাওয়ার্ড প্রদান করায় সন্তুষ্টি প্রকাশ করে বলেন, 'তিনি শুধু মানবতার সেবক নন, তিনি একজন দেশ প্রেমিক নাগরিকও। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদান মূল্যায়ন করে বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেছে।'
এর আগে সকাল ১০ টায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং তহবিল সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়। দুপুর সোয়া ১২টায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
এছাড়াও সকাল থেকে রাজধানীর ১০টি পয়েন্টে দিবসটি উপলক্ষে ৪০ জন স্বেচ্ছাসেবক ট্রাফিক আইন মেনে চলার জন্য বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করে। অন্যদিকে প্রায় ২০ জন স্বেচ্ছাসেবক রাজধানীর ৪টি বস্তি ও ৪ টি হাসপাতালে হ্যান্ড ওয়াশ কার্যক্রম পরিচালনা করে।
এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটির সকল জেলা ও সিটি ইউনিট (শাখা) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করে।