বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে উদ্যাপন উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত আত্রাই উপজেলায় অবস্থিত রবীন্দ্র কাচারি বাড়িতে ‘রবীন্দ্র জন্মোৎসব’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করেছে জেলা প্রশাসন, নওগাঁ। রবিবারের এই আয়োজনের সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি ছিল মোবাইল অপারেটর গ্রামীণফোন।
রবিবার আয়োজনের উদ্বোধন করেন মো. ইসরাফির আলম, এমপি। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার, এমপি।
নওগাঁ জেলার আত্রাই উপজেলা মুনিয়ারি ইউনিয়নের কালিগ্রাম পরগনার পতিসর নামক গ্রামে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি। নওগাঁ জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে রবীঠাকুরের স্মৃতিবিজড়িত এই কুঠিবাড়ি। প্রতি বছর এখানে কবিগুরুর জন্মজয়ন্তী ও মৃত্যুবার্ষিকী আনুষ্ঠানিকভাবে পালিত হয়।
রবীন্দ্র জন্মজয়ন্তী পতিসর পরিণত হয় এক মহা মিলনমেলায়। আশেপাশের গ্রামের লোকসহ রবীন্দ্র অনুরাগীদের কাছে এ এক মিলনতিথি, আত্মার মিলনের উপলক্ষ্য। ১১ মে পর্যন্ত চলবে এ জন্মোৎসব।
শুরুতেই ছিলো স্মারক আলোচনা যার প্রতিপাদ্য বিষয় ‘একুশ শতকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা’। আলোচনায় ছিলেন রবীন্দ্র গবেষক ড. মুহাম্মদ আশরাফুল ইসলাম।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপি এ আয়োজনের সমাপ্তি ঘটে। নওগাঁ জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নওগাঁ পুলিশ সুপার মো. মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম।