মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। গতকাল রবিবার রাত ১১টা ৫০ মিনিটে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এর আগে গত শুক্রবার সকালে কাশিমপুর কারাগারে তার সঙ্গে স্ত্রী, পুত্র, কন্যাসহ পরিবারের ১০ জন সাক্ষাত্ করেন। কারাগার সূত্রে এ তথ্য জানা গেছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার নাশির আহমেদ জানান, রাত ১০টা ২৫ মিনিটে নিজামীকে পুলিশের বিশেষ প্রহরায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। কাশিমপুর কারাগার পার্ট-২ এর কারারক্ষী জাহাঙ্গীর আলম জানান, পুলিশের প্রিজনভ্যানে কড়া নিরাপত্তার মধ্যে নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। নিজামী কাশিমপুর কারাগার পার্ট-২ এর কনডেম সেলে বন্দী ছিলেন।