মানিকগঞ্জ পৌর এলাকায় ডাকাতির চেষ্টাকালে পুলিশের গুলিতে ২ ডাকাত আহত হয়েছে। এ সময় দুই ডাকাতকে আটক করা হয়।
রবিবার দিবাগত রাত তিনটার দিকে শহরের গঙ্গাধরপট্টি বনগ্রাম আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই ডাকাত হলেন- ফরিদপুরের রায়পুরহাট এলাকার সামাদ শেখের ছেলে রবি শেখ (৩৮) ও মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সোনাকান্দা গ্রামের ইমান আলী (৫৮)। আটক পিয়ার আলী ও লিয়াকত আলীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, ভোরে বনগ্রাম এলাকার অর্পণা রানী রায়ের বাসায় ১০-১২ জন ডাকাত হানা দেয়। ডাকাতরা ওই বাড়ির গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা গুলি ছোড়ে। পরে পুলিশ পাল্টা গুলি করলে দুই ডাকাত আহত হয়। গুলিবিদ্ধ দুই ডাকাতসহ চারজনকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে।